আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে সৌদিতে সাধারণ ছুটি

 

বিশ্বকাপের চলতি আসরে প্রথম অঘটন ঘটিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সৌদি আরব। এ জয় উদযাপনে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।


আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে জেতার পর বুধবার জয় উদযাপনে সৌদি আরবে সব কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।


জাতীয় দলের জয় উদযাপনের জন্য বুধবার (২৩ নভেম্বর) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পরামর্শে বাদশাহ সালমান ছুটির অনুমোদন করেন।


সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সব সরকারি ও বেসরকারি খাতের কর্মচারী এবং শিক্ষাগত পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে।


মঙ্গলবার, কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে সৌদি আরব। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। পেনাল্টি থেকে সহজ গোলে দলকে এগিয়ে দেন মেসি। এর মধ্যে অফসাইডের ফাঁদে তিনটি গোল বাতিল হওয়ায় ১-০ গোল ব্যবধানে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টাইনরা।


দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে ৪-৪-১-১ এ দলকে খেলান আরবিয়ান কোচ। আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দেন দলকেও। মাঠে নেমেই আক্রমণের ধার বাড়ায় সৌদিয়ানরা। বিরতির পর মাঠে নেমেই ৩ মিনিটের মধ্যে গোল আদায় করে নেয় তারা। ৪৮তম মিনিটে প্রথম গোল দিয়ে ম্যাচে সমতায় ফেরে সৌদি আরব। এর ৫ মিনিট পর দর্শনীয় আরেক গোলে সবুজ জার্সিধারীরা লিড নেয় আর্জেন্টিনার বিপক্ষে। পরে আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন